Writing

Shayari · Kavita · Stories

bengali kabita

শল্ক

শল্ক-bangala-kabita-by-dayal-mondal

শল্ক

By Dayal Mondal
জন্মেই কেউ শেখে না
নিজেকে আড়াল করতে;
পৃথিবী ভালোবাসার ছলে
শেখায় একটু একটু করে
নিজের কাছেই পর হতে।

যে দীপ্তি একদিন
রোদ্দুরে মেখেছিল রং,
আজ তারই তীক্ষ্ণ প্রান্তে
জমে আছে আত্মরক্ষার ক্ষত।

কী আশ্চর্য—
যা একদিন সৌন্দর্য ছিল,
তা-ই আজ ব্যবধান;
যে আবরণ আশ্রয় ছিল,
তা-ই স্পর্শের বিরুদ্ধে
তুলে দেয় পাথুরে দেয়াল।

বাইরে থেকে সবই সুন্দর—
নীরব, সংযত, নিখুঁত;
হাসির আড়ালে যুদ্ধশেষ,
চোখের গভীরে নির্বাসন।
কেউ টের পায় না,
কতখানি ভাঙলে তবে
অনায়াসে অক্ষত থাকা যায়।

কতবার প্রত্যাখ্যাত হলে
ভালোবাসাকেও ভয় হয়,
কত ক্ষত শুকিয়ে গেলে
ব্যথাই হয়ে ওঠে স্বভাব —
রাখিনা তার কোনো হিসেব।

কত ভাঙনে ভাঙন শেখে
অভ্যাস হতে, কে-বা জানে;
কত আঁধারে আলোও শেষে
পর হয়ে যায় আপন প্রাণে।

বাইরে কত নিখুঁত সব—
স্তরে স্তরে মিথ্যে দীপ্তি,
নীরবতায় পরিণত মুখ,
হাসিতে যুদ্ধজয়ের স্মৃতি,
রহিছে অন্তরে।